চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় কামাল উদ্দিন (২২) নামে এক যুবলীগকর্মীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছে মুখোশধারীরা।
উপজেলার চরম্বা ইউনিয়নের নাছির মোহাম্মদ পাড়ায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার ভোরে দুই জনকে আটক করেছে পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, এই হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার রাতেই এলাকায় অভিযান চালানো হয়। শেষ রাতে জামায়াতে ইসলামীর চরম্বা ইউনিয়নের আমির শামসুজ্জামান হেলালী ও দলটির কর্মী মো. আবসার উদ্দিনকে আটক করা হয়।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার সময় একদল মুখোশধারী কামালের ওপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত অবস্থায় কামলাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আটক দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।