সিসি ডেস্ক: কোনো অনুষ্ঠানে এখন আর আগের মত হাততালি পড়ে না। কারণ, মোবাইলফোন হাতে থাকায় মানুষ হাত তালি দেয় না। শুক্রবার রাতে এক আনন্দ অনুষ্ঠানে যোগ দিয়ে, আফসোস আর আনন্দের মিশেলে হাততালি নিয়ে এমন মিশ্র প্রতিক্রিয়াই ব্যক্ত করলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বেসরকারি টিভি-রেডিওর সংবাদ পাঠক-পাঠিকাদের সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অতিথিদের ফুল দেওয়ার সময়, মঞ্চে আসার সময়, এমন কি- বক্তাদের চটুল বক্তব্যের সময়ও সবাইকে হাততালি দিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত করার আহ্বান জানাচ্ছিলেন, অনুষ্ঠান ঘোষক। কিন্তু, মাত্র গুটিকয়েক হাত ছাড়া হল-ভর্তি মানুষ হাততালি থেকে বিরত থাকলে মন্ত্রী এমন মন্তব্য করেন।
সংস্কৃতিক মন্ত্রী তার বক্তব্যের শুরুতেই এর ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এক হাতে তালি বাজবে কি করে? এখন তো এক হাতে মোবাইল থাকে, অন্য হাত খালি! তাই এখন আর আগের মত হাততালি হয় না।
এ সময় সবাইকে একবার অন্তত মোবাইলফোন রেখে হাততালি দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার অনুরোধ জানান।