মাদারীপুর: ঢাকায় মাইক্রোবাসে গারো তরুণীকে এবং গাজীপুরে ট্রাকে পোশাক শ্রমিককে গণধর্ষণের পর এবার মাদারীপুরের শিবচরে পাশবিকতার শিকার হয়েছেন এক গৃহবধূ। ঘটনার পর থেকে ধর্ষকরা পলাতক রয়েছে।
রোববার গভীর রাতে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে এলাকাবাসী নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
নির্যাতিতা ওই গৃহবধূ জানান, রোববার গভীর রাতে ঘরে একা পেয়ে তারই চাচাতো ভাসুর মোহন হাওলাদার ও তার বন্ধু খলিল, রুবেল, কবির এবং রহিম রাতভর তার উপর পাষবিক নির্যাত চালায়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সকালে এলাকাবাসী তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে কোনো অভিযোগ তার কাছে আসেনি।
তবে মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) খন্দকার ফরিদুল ইসলাম জানান, ওই গৃহবধূ বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ।