আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সরকারের ডেপুটি প্রধানমন্ত্রী তারিক আজিজ শুক্রবার কারাগারে মারা গেছেন। ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার আলজাজিরা ও বিবিসির অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের দায়ে ২০১০ সালে ইরাকের উচ্চ ট্রাইব্যুনাল থেকে মৃত্যু দণ্ডপ্রাপ্ত ৭৯ বছরের তারিক আজিজ বৃহস্পতিবার কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকেলে মারা যান।
তারেক আজিজ সাদ্দাম হোসেনের সময়ে ১৯৮৩-৯১ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন। এছাড়া ১৯৭৯ থেকে ২০০৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তারিক সাদ্দাম হোসেন সরকারের শীর্ষ পদে থাকা একমাত্র খ্রিষ্টান। ১৯৩৬ সালে উত্তর ইরাকের তাল কাইফে জন্মগ্রহণ করেন তিনি। সাদ্দাম হোসেনের দল বার্থ পার্টির অন্যতম নেতাও ছিলেন তিনি। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর আত্মসর্মপণ করেন তারিক।