সিসি ডেস্ক: জাতীয় প্রেসক্লাবে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। প্রেসক্লাবের লকার ভেঙে গুরুত্বপূর্ণ কাগজ ও নগদ অর্থ লুট করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। তবে কী কী কাগজ বা কত টাকা খোয়া গেছে, তা নির্দিষ্ট করে জানাতে পারেনি প্রেসক্লাব কর্তৃপক্ষ।
এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবদুল মোমেনের নেতৃত্বে একটি দল। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ও একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ফিঙ্গার প্রিন্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। সিআইডির পরিদর্শক রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রেসক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা জানান, অফিস থেকে কোন কিছু চুরি যায়নি। তবে অফিসের আলমারিগুলোর তালা ভাঙ্গা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, ‘আমি যতটুকু শুনেছি টাকা চুরি হয়েছে। তবে এর কোন প্রমান পাওয়া যায়নি।’
এদিকে প্রেসক্লাবের হিসাব রক্ষক সেলিম জানান, ‘আলমারিতে টাকার বড় বড় বান্ডিলগুলো পড়ে আছে। তবে এর সঙ্গে খুচরো যে ৮ থেকে ১০হাজার টাকা ছিল তা পাওয়া যাচ্ছে না ‘তিনি আরও জানান, ‘গতকাল রাতে খোকন নামে এক কর্মচারীকে রাত ১১টার দিকে বলা হয় আজ রাতে ডিউটি করার মত কেউ নেই। তাই তুমি ডিউটি কর। বিনিময়ে ৩শ টাকা দেয়া হবে। রাত চারটার দিকে সে আমাকে ফোন করে জানায়, দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কে বা কারা আলমারির তালা ভেঙ্গেছে। পরে আমরা বিষয়টি প্রশাসনকে জানাই।’
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল মোমিন জানান, রাতের ডিউটিতে শুধুমাত্র খোকনই ছিল। প্রথমিক জিজ্ঞাসাবাদে সে উল্টাপাল্টা কথা বলেছে। কখনও বলে সে বাথরুমে ছিল, আবার কখনও বলে সে জাঙ্গিয়া পরে গোসল করেছে। অথচ, ভেজা জাঙ্গিয়া কোথায় শুকিয়েছে তা সে বলতে পারেনি।
এ ঘটনায় শাহাবাগ থানার অফিসার ইনচার্জ আবু বকর জানান, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য প্রেসক্লাবের কর্মচারী আব্দুল মালেক খোকন নামে এক জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।