লালমনিরহাট : আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে যাওয়ার পথে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরল সুমি খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী। জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা কৃষি ব্যাংকের সামনে সোমবার দুপুরে এক দুর্ঘটনায় ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত সুমি উপজেলার মিলনবাজার এলাকার আব্দুল হামিদের মেয়ে। সে মানবিক বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় ‘এ’ গ্রেডে পাস করেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার উপজেলার দেওয়ানী এলাকায় সুমির এক আত্মীয় মারা যান। ওই আত্মীয়কে দাফন করার জন্য পরিবারের সঙ্গে আটোরিকশা করে দেওয়ানী যাচ্ছিল সুমি।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সুমির ওড়না আটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। কিছুক্ষণ পর পাশে থাকা যাত্রীরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যান।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) জাকির হোসেন জানান, সুমিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। সুমির লাশ তার পরিবার হাসপাতাল থেকে নিয়ে গেছে বলে জানান আরএমও।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো আভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।