রংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষিত গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে এ সময় ক্লাস-পরীক্ষা ও অফিস যথারীতি চলবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত বুধবারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণের সমন্বয়ে ২৫ মে অনুষ্ঠিত এক বৈঠকে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার থেকে তা কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয় সেশনজটমুক্ত রাখতে পূর্বনির্ধারিত এই ছুটি বাতিল করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১১ জুন থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত প্রশাসনিক অফিসসমূহে ছুটি হওয়ার সিদ্ধান্ত ছিল।