পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে ধঞ্জয় সেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকালে উপজেলার বোদা বাজারের জেলা পরিষদ মার্কেট সংলগ্ন মরিচ হাটি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত ধঞ্জয় সেন বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বাকপুর-নেন্দপুর এলাকার মৃত তুলসী সেনের ছেলে। তিনি বোদা পৌর এলাকার নগরকুমারী গ্রামে ভাড়া বাসায় থাকতেন এবং ধান ও মরিচের ব্যবসা করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যবসায়ীরা বাজারে এসে জেলা পরিষদ মার্কেট সংলগ্ন মরিচ হাটিতে ধঞ্জয়কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ধঞ্জয়ের মৃতদেহ, সঙ্গে থাকা মোবাইল ফোন ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।