রংপুর: লাগামহীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জেলা প্রশাসক ফরিদ আহম্মদকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর থেকে অপসারণের দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার বিকেলে দুর্নীতি বিরোধী এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানান মহানগর আওয়ামী লীগের নেতারা।
শুক্রবার বিকেল ৫টায় বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর সুপার মার্কেট হয়ে সিটি করপোরেশন মোড়, পায়রা চত্বর ও জা
হাজ কোম্পানির মোড় প্রদক্ষিণ করে।
এ সময় মিছিল থেকে ডিসি ফরিদ আহম্মদকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে শ্লোগান দেন নেতাকর্মীরা।
পরে সমাবেশ থেকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে লিপ্ত থাকার অভিযোগ এনে ডিসি ফরিদ আহম্মদকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর থেকে অপসরণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান বিক্ষুদ্ধ আওয়ামী লীগ নেতারা।
সমাবেশে বক্তব্য দেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান , ২২ নং ওয়ার্ড সভাপতি রায়হান আহম্মেদ প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৫ জুন বর্তমান ডিসি ফরিদ আহম্মদ রংপুর থেকে বদলি হয়ে অন্যত্র চলে যাবেন। তার স্থলে নতুন ডিসি হিসেবে যোগ দেবেন মাগুরা স্থানীয় সরকারের উপপরিচালক মো. রাহাত আনোয়ার।