সিসি নিউজ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে একযোগে ফাযিল স্নাতক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় দেশের ২৮৯টি কেন্দ্রে এক লাখ ২১ হাজার ৫৮৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।
রোববার পরীক্ষার প্রথম দিনে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান ঢাকা আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত শিক্ষা সচিব হেলাল উদ্দিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান তার সঙ্গে ছিলেন। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান।
এ বছর ফাযিল স্নাতক প্রথম বর্ষে ২৯ হাজার ৯৯৫ জন ছাত্র, ১৫ হাজার ৬৯২ জন ছাত্রী- মোট ৪৫ হাজার ৬৮৭ জন, দ্বিতীয় বর্ষে ২৭ হাজার ৯৬৫ জন ছাত্র, ১৫ হাজার ৩৪০ জন ছাত্রী- মোট ৪৩ হাজার ৩০৫ জন এবং তৃতীয় বর্ষে ২০ হাজার ৯৭৯ জন ছাত্র, ১১ হাজার ৬১৮ জন ছাত্রী- মোট ৩২ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন। আগামী ২৭ আগস্ট পর্যন্ত চলবে এ পরীক্ষা।
এবারে ঢাকা বিভাগে ৬৪টি, রাজশাহী বিভাগে ৪৪টি, রংপুর বিভাগে ৩৬টি, চট্টগ্রাম বিভাগে ৬৫টি, সিলেট বিভাগে ১২টি, বরিশাল বিভাগে ৩৩টি ও খুলনা বিভাগে ৩৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।