নীলফামারী: জুয়ার আঁখড়ায় অভিযান চালিয়ে সাত জুয়ারীর ২৫দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার রাত ১১টার দিকে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সাবেত আলী ওই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মহিউদ্দিন, সরদার আলীর ছেলে আতাউর রহমান, জামাল উদ্দিনের ছেলে মাহফুজুল হক, রহিম উদ্দিনের ছেলে ফজলুল হক, আব্দুল কাদেরের ছেলে মমিনুল ইসলাম, জ্যোর্তিময় রায়ের ছেলে অতুল চন্দ্র ও হাজীপাড়া গ্রামের আব্দুল বাকীর ছেলে জামিয়ার রহমান। দন্ডপ্রাপ্তদের রাতেই নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে একটি জুয়ার আঁখড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করে উক্ত সাজা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ সাবেত আলী জানান, সদর উপজেলায় জুয়া বন্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। যেখানে হোক জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।