বিনোদন ডেস্ক: নাটক, সিনেমা, গান- বাংলাদেশের সব অঙ্গনের সব রেকর্ড ভেঙে দিলো ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। গত মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত ৬ লাখ ১৪ হাজার ৪৩৮ দর্শক ইউটিউবে দেখেছে তার আইটেম গান ‘ম্যাজিক মামনি’।
আসন্ন ঈদে মুক্তি প্রতিক্ষিত ‘অগ্নি-টু’ ছবির গান ‘ম্যাজিক মামনি’ গত ৪ জুন থেকে ইউটিউবে প্রদর্শন শুরু হয়। প্রথম দিনেই ইউটিউবে ব্যপক সাড়া ফেলে গানটি, রাতারাতি আলোচনায় চলে আসেন মাহি। প্রচারের শুরু থেকেই একের পর এক রেকর্ড করে আসছে গানটি। প্রচারের প্রথম ৬দিনে ৪লাখ ৬১ হাজার ৪৮০ বার দেখা হয়। যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম।
এদিকে মুক্তির আগেই গানটির দর্শকসাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাহিয়া মাহি। নিজের অনূভুতি প্রকাশ করে তিনি বলেন, ‘একইসঙ্গে আমি অভিভূত এবং গর্বিত। গানটি দর্শক হৃদয় এভাবে জয় করবে- ভাবিনি কখনো। এজন্য দর্শক এবং আমার সকল ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ।’
‘ম্যাজিক মামনি’ গানটি লিখেছেন কলকাতার গীতিকার রিদ্দি, সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি এবং কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে বাংলাদেশের মাহি ও কলকাতার ওম জুটি বেঁধে অভিনয় করেছেন।
‘অগ্নি ২’ ছবিটি আসন্ন ঈদের দিন থেকে দুই বাংলায় একযোগে মুক্তি পাচ্ছে। আগামী ২০ জুন সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেয়া হবে বলে জানা যায়। যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু।