বিনোদন ডেস্ক: জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে যৌথ প্রযোজনার নির্মিত নতুন চলচ্চিত্র প্রেমী ও প্রেমীতে বিশেষ একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন বাংলা চলচ্চিত্রর জনপ্রিয় নায়িকা মৌসুমী। এতো গেলো পুরনো খবর। গত ১০ জুন তার চলচ্চিত্রটির শুটিংয়ের কাজে স্কটল্যান্ডে যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে মৌসুমীসহ পুরো টিমের স্কটল্যান্ডে যাওয়া হয়ে উঠেনি।
এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আমাদের স্কটল্যান্ডে যাওয়া হয়নি। ভিসা সংক্রান্ত সবধরনের জটিলতা শেষ করেছি আমরা। আগামী ১৮ জুন মৌসুমীসহ ‘প্রেমী ও প্রেমী’র পুরো টিম নিয়ে আমরা স্কটল্যান্ডে যাচ্ছি।’
‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও টিভি উপস্থাপিকা নুসরাত ফারিয়া ও কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনায় থাকছেন শওকত আলী ইমন, ইমন সাহা, আকাশ ও স্যাভি। চলচ্চিত্রটির বেশির ভাগ দৃশ্যায়ন স্কটল্যান্ডে হবে। বাকি দৃশ্যধারন হবে বাংলাদেশ ও ভারতে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন কলকাতার অশোক পতি এবং বাংলাদেশের আব্দুল আজিজ।