ঢাকা: নাশকতার ৯ মামলায় বিএনপি দলীয় সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকালে তিনি পল্টন থানার ৫টি, মিরপুরের ৩টি এবং লালবাগের ১টি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, মারুফ হোসেন, মাহবুবুর রহমান পৃথক পৃথকভাবে আদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পাপিয়ার পক্ষে শুনানি করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা খান, মোহসীন মিয়া, মাসুদ আহমেদ তালাকদার ও কাজী নজিব উল্লাহ হিরু।
চলতি বছরের শুরুতে (জানুয়ারি থেকে মার্চ-২০১৫) ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে পাপিয়ার নামে ঢাকার তিনটি থানায় মোট ৯টি মামলা দায়ের হয়।