টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় টিন বোঝাই ট্রাক খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
গোড়াই হাইওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে সিরাজগঞ্জগামী একটি টিন বোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এ সময় আহত অপর ব্যক্তিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।