ঢাকা : ঢাকা চিড়িয়াখানকে আন্তর্জাতিক মানের চিড়িয়াখানায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ সায়েদুল হক।
বুধবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে সংসদকে এতথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ঢাকা চিড়িয়াখানাকে আরো আধুনিকায়ন করে রাজধানীবাসীর বিনোদনের সুযোগ বৃদ্ধির পরিকল্পনা সরকারের রয়েছে।
এ লক্ষে চিড়িয়াখানার জন্য ৩৩ প্রজাতির ২৪১টি নতুন প্রাণি ক্রয় এবং উদ্ধারকৃত জমি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে উন্মুক্ত অংশে সীমানা প্রাচীর নির্মাণ করার জন্য ৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় প্রাক্কলনে একটি কর্মসূচির প্রস্তাব করা হয়েছে। এটি অনুমোদনের জন্য গত ৬ এপ্রিল, ২০১৫ তারিখে অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রাণি ক্রয়ে প্রাক্কলিত ব্যয় ৬ কোটি ৩০ লাখ টাকা অনুমোদিত হয়নি। তবে প্রাচীর নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ৩ কোটি ৬৬ লাখ টাকা অনুমোদিত হয়েছে। যা আগামী অর্থবছরে বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আরো বলেন, চিড়িয়াখানার পশুপাখির সংখ্যা বৃদ্ধি, দর্শণার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে ‘ঢাকা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়ন প্রকল্প’ নামে একটি প্রকল্প চলতি ২০১৪-২০১৫ অর্থ-বছরে এডিপির সবুজ পাতায় অন্তর্ভূক্ত আছে।
ইতোমধ্যে বুয়েটের স্থাপত্য বিভাগ ডিজিটাল সার্ভে করেছে এবং বর্তমানে স্থাপত্য অধিদপ্তরের মাধ্যমে মাস্টার প্লান ও নকশা প্রণয়নের অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এই প্রকল্প একনেক অনুমোদন করলে ঢাকা চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের চিড়িয়াখানায় উন্নীত করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।