ঢাকা: রাজধানীর মিরপুরে সিটি কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, শনিবার মিরপুরের পশ্চিম শ্যাওড়াপাড়া এলাকায় ধর্ষণের শিকার হওয়ারে পর ওই ছাত্রীর পরিবার মিরপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তিনজনকে আটক করলেও এ ঘটনায় মূল অভিযুক্ত সাকিব নামে একজনকে এখনো আটক করতে পারেনি।
ঢাকা মেডিকেল কলেজ থেকে মিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ জানান, ওই ছাত্রী থানায় এসে অভিযোগ করেন। এরপর পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেয়া হয়েছে।
এ ঘটনায় তিনজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, এ ঘটনায় আরো দুয়েকজন জড়িত আছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।
ঘটনাটি গণধর্ষণ কি না এ বিষয়ে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি একজন ধর্ষণ করেছে এবং আরো দুইজন ছিল তারা ছবি তুলেছে।’
এখনো পর্যন্ত পাওয়া তথ্যমতে, ওই ছাত্রী থাকেন রাজধানীর বাড্ডা এলাকায়। শনিবার তিনি কোচিং করতে মিরপুরের শ্যাওড়াপাড়ায় যান। সেখানে তার একবন্ধু তাকে একটি বাসায় নিয়ে যান।
ওই ছাত্রীর অভিযোগ ওই বাসায় নিয়ে তার সেই বন্ধু তাকে ধর্ষণ করেন। এসময় আরো দুজন ধর্ষণের ঘটনা ভিডিও করেন।