ঢাকা: রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে মৃত্যু হয়েছে মিরাজ নামের ছয় বছরের এক শিশুর। এতে আহত হয়েছে নিহতের বড় বোন নিহা আক্তার (১০)। তাদের বাবার নাম ইয়াকুব আলী।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে লালবাগের কাজী রিয়াজউদ্দিন রোডে আব্দুল খালিদের বাড়িতে এ ঘটনা ঘটে।
মিরাজের মা শাহিদা বেগম জানান, বিকেলের দিকে মিরাজ ও তার বোন নিহা বাসার ভেতর খোলা জায়গায় খেলা করছিল। বিকেল ৪টার দিকে বাইরে থেকে কে বা কারা একটি ককটেল ছুঁড়ে মারে। ককটেলে বিকট শব্দ ও ছেলে-মেয়েদের চিৎকার শুনে সবাই এসে দেখে মাটিতে ছটপট করছে মিরাজ ও নিহা।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বিকেল ৪টা ৫০ মিনিটে শিশু মিরাজকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে নিহাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।