সিসি নিউজ : জাতীয় সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অসংসদীয় বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তার সহধর্মিণী ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
বক্তব্যের শুরতেই তিনি বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার এবং নারী সংসদ সদস্যদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। হয়ত ওনার বক্তব্যে শব্দচয়ন ঠিক ছিল না। সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
এ সময় নারী সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে বিরোধী দলীয় নেতার এই বক্তব্যে সমর্থন জানান।
এর আগে বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ নারীদের ‘শো-পিস’ আখ্যা দিয়ে বক্তব্য রাখেন। এতে সংসদে নারী এমপিদের তোপের মুখে পড়েন তিনি।
সোমবার সকালে দশম সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় এ ঘটনা ঘটে। এ সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে সকাল ১১টায় অধিবেশন শুরু হয়।
পরবর্তীতে স্পিকার এরশাদের বক্তব্যকে অসংসদীয় মন্তব্য করে সংসদীয় ৩০৭ বিধি অনুসারে কার্যক্রম থেকে ‘এক্সপাঞ্জ’ করার ঘোষণা দেন।