সিসি ডেস্ক: রাজন, রাকিব, রবিউলসহ সকল শিশু হত্যাকারীদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ সারাদেশে অব্যাহত নারী-শিশুর উপরে সর্বগ্রাসী আক্রমণ বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ রংপুর জেলার উদ্যোগে আজ দুপুর ২.০০টায় প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা বাসদের সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মমিনুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা আহবায়ক সাদেক হোসেন প্রমূখ।
কমরেড আব্দুল কুদ্দুস বলেন, দেশের মানুষ পুঁজিবাদী অবক্ষয়ী বর্বর সংস্কৃতি এখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেখতে পাচ্ছে। দীর্ঘ দিন থেকে জোট-মহাজোট সরকার দেশে তাদের শাসন-শোষণকে দীর্ঘস্থায়ী করতে রাজনৈতিক দমন পীড়নের পাশাপাশি হত্যা, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় এ সমস্ত ঘটনা অব্যাহত ভাবে বেড়েই চলেছে। নারী-শিশু নির্যাতন এখন হয়ে গেছে নিত্য নৈমিত্তিক ঘটনা। এমন কি দেশের বিভিন্ন জায়গায় মধ্যযুগীও বর্বর কায়দায় শিশুদের হত্যা করে তার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করছে। কিন্তু সরকারি পদক্ষেপের অভাব ও পুলিশ প্রশাসনের অবহেলার কারণে এই ঘটনা থামানো যাচ্ছে না। অপরদিকে প্রতিপক্ষকে দমন করার জন্য বিচারবহির্ভূত হত্যাকান্ড, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, ভূমিদখল ইত্যাদি ঘটনায় কোন প্রতিকার না পেয়ে ছোটখাট ঘটনাতেই জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। সরকার হত্যাসহ কোন ঘটনার দায় এড়াতে পারে না, সারাদেশে এই হত্যাকান্ড, নৈরাজ্যবাদ, সামাজিক বিশৃঙ্খলা ও সাংস্কৃতিক অবনমনকে বন্ধ করতে সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।