চিরিরবন্দর (দিনাজপুর) : চিরিরবন্দরে স্কুলের ম্যানেজিং কমিটির প্রথম বৈঠকে ২ শিক্ষক প্রতিনিধি রেজুলেশন বহিতে স্বাক্ষর না করায় ম্যানেজিং কমিটির সভাপতিসহ ৪/৫ জনের একটি দল ওই শিক্ষকদের চাকুরিচ্যূত এবং হুমকিসহ বিদ্যালয়ের অফিস কক্ষে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষিকা রুপালী রানী রায়ের স্বামী নীলমনি রায় বাদী হয়ে সভাপতি কাজী ইকবাল হোসেন, অধ্যক্ষ শ্যামলী রানী চক্রবর্তীসহ ৪/৫ জনের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রোববার উপজেলার কুতুবডাঙ্গা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভার প্রথম বৈঠকের আলোচনা চলাকালে শিক্ষক প্রতিনিধি রুপালী রানী রায় ও আব্দুল কুদ্দুস রেজুলেশন বহিতে স্বাক্ষর না করায় সভাপতি কাজী ইকবাল হোসেন ও অধ্যক্ষ শ্যামলী চক্রবর্তী তাদের ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে সভাপতির সমর্থিত দেড় শতাধিক লোকজন স্কুল ঘেরাও করে শিক্ষক আব্দুল কুদ্দুসকে মারপিট ও রুপালী রানীকে লাঞ্চিত করে এবং তাদেরকে অফিস কক্ষে দীর্ঘ ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। অবস্থা বেগতিক দেখে চাপের মুখে অবরুদ্ধ ওই ২ শিক্ষক অবশেষে রেজুজেশন বহিতে স্বাক্ষর করে। এ সংবাদ জানতে পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
সভাপতি কাজী ইকবাল হোসেন ও অধ্যক্ষ শ্যামলী রানী চক্রবর্তী জানান, গত ৩ মে স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনের পর ২৭ জুলাই দিনাজপুর শিক্ষা বোর্ডে তা অনুমোদিত হয়। অনুমোদিত কমিটির প্রথম বৈঠকে শিক্ষক প্রতিনিধি আব্দুল কুদ্দুস ও রুপালী রানী রায় রেজুলেশন বহিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে কিছুটা বাকবিতন্ডার সৃষ্টি হয়। তারা আরও জানান, অমরপুর ইউনিয়ণের চেয়ারম্যান লিয়াকত আলী শাহ সভাপতি হতে না পেরে শিক্ষক ও কিছু অভিভাবক সদস্যকে বিভিন্ন প্রলোভনে ম্যানেজিং কমিটিকে অকার্যকর করার পরিকল্পনা করছে। চেয়ারম্যান লিয়াকত আলী শাহ এ অভিযোগ অস্বীকার করে বলেন, যদি কমিটিকে অকার্যকর করার পরিকল্পনা করা হতো তাহলে সৃষ্ট ঘটনা রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিতো। এ ব্যাপারে শিক্ষক আব্দুল কুদ্দুস ও রুপালী রানী রায় জানান, লাঞ্চিত ও মারপিটের ঘটনা ঘটার পরও সভাপতি ও তার লোকজন বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেছে। আরো জানা গেছে, রাতে ওই শিক্ষক থানায় পৃথক পৃথক জিডি করেছেন।