সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চলনবিল থেকে বাবা এবং ছেলে-মেয়েসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে তাড়াশ থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন-আলতাফ হোসেন (৩৫) এবং তার দুই শিশু সন্তান নাফিউল ইসলাম (৮) ও তানিয়া খাতুন (৭)। আলতাফ হোসেন তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদৌ-সৈয়দপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
নিহতদের পরিবারের বরাত দিয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, সোমবার দুপুরে আলতাফ হোসেন তার দুই শিশু সন্তান নাফিউল ও তানিয়াকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী পাটগাড়ী গ্রামের চলনবিলে মাছ ধরতে যায়। কিন্তু বিকেল পর্যন্ত তারা আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহগুলো বিলে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিলের মধ্য থেকে তিনটি লাশ উদ্ধার করে। তবে লাশগুলো এখনও পরিবারের নিকট হস্তান্তর হয়নি।
স্থানীয়দের ধারণা, মাছ ধরতে গেলে প্রচণ্ড স্রোতে নৌকা ডুবে এ মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তানসহ নিহত আলতাফ হোসেন স্থানীয় করিমগাড়ী কওমি মাদ্রাসার মৌলভী শিক্ষক ছিলেন বলে জানা গেছে।