নীলফামারী : সড়ক দুর্ঘটনায় নীলফামারীর নীলসাগর সড়কের ঢুলিয়া কলোনী বাজার নামকস্থানে ফুলছরি বালা (৬২) নামের এক বিধবা ঘটনাস্থলে নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায় ওই বৃদ্ধা রিক্সাচালক পুত্র রবিদাস সহ নীলফামারী শহরে এসেছিল। ঘটনার সময় পুত্র রবিদাস রিক্সা চালিয়ে তার বৃদ্ধা মাকে নিয়ে নিজ বাড়ি ফিরছিল। এ সময় নীলসাগর সড়কের ঢুলিয়া কলোনী বাজার নামক স্থানে একটি অটো ইজিবাইক পেছন থেকে রিক্সাটিকে ধাক্কা দিলে ওই বৃদ্ধা রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলে নিহত হয়।
এলাকাবাসী অটো ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে যায়। নীলফামারী সদর থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানা ঘটনাস্থল থেকে রাত ৯টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।