সিসি নিউজ: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডিতে রোববার রাতে এলাকাবাসী দুই ডাকাতকে আটক করেছে। আটক ডাকাতদ্বয়কে গনপিটুনি দিয়ে পুলিশ কাছে সোর্পদ করেছে এলাকাবাসী। পুলিশ আহত ডাকাতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলাইচন্ডি ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মমিনুর মন্ডল ওরফে সম্রাট গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শেখপাড়ার শাহাজাহানের বাড়ীতে ডাকাত দলের ক’জন সদস্য অবস্থান করছে। সম্রাট এলাকাবাসীদের নিয়ে ডাকাতদের আটক করার ওই গ্রামে যায়। এ সময় ডাকাত দলের সদস্য রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র ফেরদৌস হোসেন (৪২) ও একই উপজেলার ঘনাপুর দরজীপাড়া গ্রামের মৃত জাকারিয়ার পুত্র মুশফেকুর রহমান(৪০) শাহাজাহানের বাড়ী থেকে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী ঘেরাও করে তাদের আটক করে।
আটক ডাকাতরা এলাকায় ডাকাতি, ছিনতাই ও চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে উত্তেজিত জনতা দুই ডাকাতকে গনপিটুনি দেয়। পার্বতীপুর মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী দুই ডাকাতকে পুলিশের হাতে সোর্পদ করে। পুলিশ গনপিটুনিতে আহত ডাকাতদের চিকিৎসার জন্য পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহামুদুল আলম বলেন, গ্রেফতারকৃত দুই ডাকাতের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা চিহ্নিত আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।