মিঠাপুকুর : রংপুরের মিঠাপুকুর থেকে ৩ কেজি ওজনের একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। শেলটি মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।
সোমবার দুপুরে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর আমবাড়ি থেকে ওই শেলটি উদ্ধার করে মিঠাপুকুর থানায় আনা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল শেলটির বিস্ফোরণ ঘটায়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর জানান, ইসলামপুর আমবাড়ি গ্রামের সাখাওয়াত হোসেন নামে এক কৃষক তার বসতবাড়ির পাশে ড্রেন নির্মাণের জন্য মাটি খোঁড়েন। মাটি খুঁড়ে তিনি গর্তের মধ্যে একটি লোহার খন্ড দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গর্ত থেকে ৩ কেজি ওজনের মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল এসে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটান।