• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ajibor1439840296সিসি ডেস্ক : মাগুরায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষকালে মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ ও এক বৃদ্ধ নিহতের মামলার আসামি মেহেদী হাসান ওরফে আজিবর শেখ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার সময় শহরের দোয়ারপাড় এতিমখানা এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজিবর শহরের দোয়ারপাড় এলাকার আওয়ামী লীগ কর্মী আবদুল মালেকের পুত্র। তিনি ১২ বছর আগে বিলুপ্ত মাগুরা পৌর ছাত্রলীগের কার্য-নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, আজিবরসহ একটি সন্ত্রাসী গ্রুপ দোয়ারপাড় এতিমখানা এলাকায় অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে মাগুরা পুলিশের একাধিক টিম তাকে আটক করতে সেখানে অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে আজিবর শেখের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আগ্নেযাস্ত্র উদ্ধার করে।

এর আগে সোমবার বিকেলে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ মামলার তিন নম্বর আসামি আজিবরকে শালিখা উপজেলার সীমাখালী বাজার এলাকা থেকে গ্রেফতার করার সংবাদ ছড়িয়ে পড়লেও মাগুরার পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি। কিন্তু শালিখার কয়েকজন প্রত্যক্ষদর্শী  জানিয়েছেন, আজিবরকে পুলিশ ধরে নিয়ে গেছে। সেখানকার কিছু উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেন।

গত ২৩ জুলাই মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে নাজমা বেগম ও তার পেটের শিশু গুলিবিদ্ধ এবং নাজমার চাচা শ্বশুর মমিন ভূঁইয়া গুলিবিদ্ধ হন। পরদিন মমিন ভূঁইয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া গত ২৬ জুলাই মোট ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ ঘটনার পরও মাগুরা আজিবর শেখের পক্ষে গত ১৪ আগস্ট শহরে পোস্টার লাগানো হয়। পোস্টারের বাম পাশে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ছবি এবং ডান পাশে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের ছবি। পোস্টারে বড় করে আজিবর শেখের ছবি ছিল। পোস্টারে আজিবর দাবি করেন, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও মুজিব সৈনিক। ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

উৎস:রাইজিংবিডি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ