সিসি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলায় নির্মিত ৯টি সেতুর উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ সেতুগুলোর উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনকৃত সেতুগুলোর মধ্যে রয়েছে- সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সড়কে কুশিয়ারা নদীর ওপর চন্দরপুর সেতু, মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে আড়িয়াল খাঁ নদীর ওপর আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতুসহ তিনটি সেতু, পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ রাসেল সেতু, কক্সবাজারের চকরিয়া-মহেশখালী মহাসড়কে বাটাখালী সেতু, সুনামগঞ্জের সুরমা নদীর ওপর আবদুজ জহুর সেতু এবং গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর ওপর বড়দহ সেতু।
সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের যোগাযোগব্যবস্থাকে উন্নত করতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে। আর নতুন নতুন সেতু ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের পর্যটনশিল্পের বিকাশ ঘটবে।’
এ সময় দেশের আর্থসামাজিক উন্নয়নে যোগাযোগব্যবস্থার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী আরও জানান, বাগেরহাটের রামপালে নতুন বিমানবন্দর হচ্ছে, যা এরই মধ্যে একনেকে পাস হয়েছে। সেতু উদ্বোধনী অনুষ্ঠানে গণভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।