আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার এক নাতির বিরুদ্ধে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ২৪ বছর বয়সী ম্যান্ডেলার ওই নাতি জোহানেসবার্গের একটি রেস্টুরেন্টের টয়লেটে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে মামলার আরজিতে বলা হয়।
ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত সপ্তাহে ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা তার দেহরক্ষীকে পাঠিয়ে মামলা রজু না করার হুমকি দেন। তবে এ নিয়ে ম্যান্ডেলা পরিবারের কেউ কোনো মন্তব্য করেননি।
মামলার সংক্ষিপ্ত শুনানির সময় ম্যান্ডেলার মেয়ে মাকাজিউই আদালতে উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে আদালত অভিযোগ গ্রহণ না করা পর্যন্ত অভিযুক্তের নাম প্রকাশ করা যায় না। এ জন্য ম্যান্ডেলার কোন নাতির বিরুদ্ধে মামলা হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি।
তিন মাস আগেও ম্যান্ডেলার আরেক নাতির বিরুদ্ধে এক শিক্ষককে মারধর করায় তার বিরুদ্ধে আদালতের শাস্তি ঝুলছে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।