রংপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় নগরীর পার্কের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী রাজ ও যুগ্ম-সম্পাদক তিতাসসহ আহতরা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শফিক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাদী গ্রুপ ও শিশির গ্রুপের মধ্যে সকাল থেকে ক্যাম্পাসে উত্তেজনা ছিল। পরে সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন পার্কের মোড় এলাকায় সংঘর্ষ লাগে।
এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধারাল অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে হাদী গ্রুপের মোহাম্মদ আলী রাজ, তিতাস চন্দ্র এবং শিশির গ্রুপের শামীম ও আদনানসহ ৬ জন আহত হন।