বরগুনা: বরগুনার পাথরঘাটা পৌর শহরের পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ভবনে আগুন লাগায় আতঙ্কে ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পরপরই স্কুল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আহতদের মধ্যে সুমাইয়া, আয়শা আলম, মরিয়ম, সাথী আক্তার, লামিয়া আক্তার, সামিয়া আক্তার, হুমায়রা আক্তার, পারভীন, বিথি ও মুন্নি আক্তারের নাম জানা গেছে। আর বাকি শিক্ষার্থীদের পরিচয় জানা যায়নি।
পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার গোলদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ তৃতীয় শ্রেণির কক্ষের একটি সিলিং ফ্যান থেকে বিকট শব্দ হয়।
মুহূর্তের মধ্যে কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে। এ সময় দোতলা ও নিচতলায় অন্য ক্লাসের শিক্ষার্থীরা দ্রুত বের হতে গেলে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়।
ঘটনার পরপরই পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাখাওয়াত হোসেন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ উপজেলা শিক্ষা কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিদ্যালয় ছুটি ঘোষণা করেন।