লালমনিরহাট প্রতিনিধি : জেলার পাটগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে বজ্রপাতে প্রায় ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে ২১ জন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। পাটগ্রাম পৌরসভার বিভিন্ন গ্রামে মঙ্গলবার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
আহতরা হলেন— উপজেলার বাংলাবাড়ী গ্রামের ফরিদা বেগম (২৬), দীপ্তি আক্তার (৯), রাবেয়া আক্তার (১২), মর্জিয়া (৮), মাহারূপ (৬), জিয়াদ (৭), রমিছা বেগম (৪৫), সামিউল (১২), রুমানা (৮), মাহফুজা (১০), সুজন (১১), মির্জারকোর্ট গ্রামের আকলিমা বেগম (৪৫), ধবলসুতী গ্রামের হাবিবা (৭), জগতবেড় গ্রামের আলম (৩৫), উফারমারা গ্রামের মরিয়ম (১০), দীপু (৮), পানবাড়ী গ্রামের শাহেদা (৬০), জোংড়া মমিনপুর গ্রামের এনামুল হক (৩৫), আঁখি আক্তার (২২), শমসেরপুর গ্রামের ফজিলা (৫৫) ও জাহানারা (৪৪)। তাদের মধ্যে জগতবেড় গ্রামের আলম (৩৫) ও জোংড়া মমিনপুর গ্রামের এনামুল হককে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটগ্রাম হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রণব কুমার রায় বলেন, ‘বজ্রপাতে মহিলা-পুরুষ, শিশুসহ অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত অনন্ত ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।’