সিসি নিউজ: টানা বর্ষণ ও উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধির ফলে বন্যা কবলিত হয়ে পড়েছে তিস্তা অববাহিকার ২৫টি গ্রাম ও চর। নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১০ ইউনিয়ন সহস্রাধিক পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে। ঘরবাড়িগুলো হাঁটু পানিতে তলিয়ে রয়েছে।
ডালিয়া পাউবো বন্যা নিয়ন্ত্রণ ও পুর্বাভাস সুত্র জানায়, উজানের ঢলে সোমবার সকাল ৬টা থেকে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার (৫২ দশমিক ৪০) ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। সন্ধ্যা পানি নেমে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সব কয়টি(৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানান ডালিয়া পাউবো উপ সহকারী প্রকৌশলী সুরত উজ জামান।
এদিকে তিস্তা পরিবেষ্টিত খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, খগাখড়িবাড়ি, পুর্ব ছাতনাই, নাউতারা, গয়াবাড়ি, জলঢাকা উপজেলার গোলমুন্ডা, শৌলমারীসহ লালমনিরহাট জেলার কয়েকটি ইউনিয়নের হাজারো পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।
পুর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান বলেন, তিস্তা বন্যা ভয়াবহ আকার ধারন করেছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, বন্যা কবলিত এলাকা গুলো মনিটরিং করা হচ্ছে এবং সরকারি ভাবে শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। বন্যা কইলত মানুষজনকে নিরাপদে রাখা ও তাদের সার্বক্ষনিক খোঁজখবর রাখতে জনপ্রতিনিধিদের বলা হয়েছে।