• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন |

জাফর ইকবালের কাছে ক্ষমা চাইলেন সাধারণ শিক্ষার্থীরা

150922_1সিসি ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবপ্রবি) আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাতে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

চিঠিতে শিক্ষার্থীরা লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে আপনারা (শিক্ষকরা) ছিলেন এবং আছেন আমাদের অভিভাবক হিসেবে। বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রথম আসতে মন চাইতো না। আর এখন তা হয়ে উঠেছে আমাদের দ্বিতীয় বাড়ি হিসেবে। আপনাদের মতো শিক্ষকদের পেয়ে আমরা গর্বিত।

চিঠিতে ছাত্রলীগের হামলায় শিক্ষকরা লাঞ্ছিত হওয়ার ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা নিজেদের ব্যর্থতা উল্লেখ করে ক্ষমাও চেয়েছেন।

চিঠিতে আরো বলা হয়, গত রোববারের এ হামলার ঘটনায় আমরা লজ্জিত। কয়েকজন আপনাদের গায়ে হাত তুলেছিল, তখন আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারিনি। আপনারা আমাদের পিতা-মাতার সমতুল্য হলেও পারিনি আপনাদের সম্মান রক্ষা করতে। অথচ আপনাদের হাত ধরেই শাবি আজ বর্তমানে এ অবস্থানে এসেছে।

আপনাদের কারণেই আমরা বুক টান করে কথা বলতে পারি ‘আমরা সাস্টিয়ান’। আপনাদের সঙ্গে দেখা হলে আমরা তাকাতে পারবো না। মনের ভেতর অপরাধবোধ কাজ করবে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে পারিনি, আমরা ক্ষমাপ্রার্থী।

চিঠির সর্বশেষে লেখা ছিল- সাধারণ শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাদা খামে পাঠানো চিঠির সঙ্গে অধ্যাপক জাফর ইকবালকে একটি লাল গোলাপ ফুলও দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ