আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে গত জুলাই মাসে একটি মুসলিম পরিবারের বাড়িতে ইহুদি দখলদারীরা আগুন ধরিয়ে দিলে ঘটনাস্থলেই আলি নামে ১৮ মাস বয়সী এক শিশু নিহত হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ওই শিশুটির মা রিহাম দাওয়াবশা সোমবার মারা যান। এর আগে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির বাবা সাদের মৃত্যু হয়।
রিহাম দাওয়াবশার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। ইসরাইলের একটি একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে। দগ্ধ হওয়ার এক সপ্তাহ পর তার স্বামীও মারা গিয়েছিলেন।
ওই হামলার ঘটনায় প্রকৃত অপরাধীরা গ্রেফতার না হওয়ায় মানবাধিকার সংস্থাগুলো নিন্দা অব্যাহত রেখেছে।
পশ্চিম তীরের দুমা গ্রামে দুটি মুসলিম পরিবারের বাস। এদের একটি দাওয়াবশাদের পরিবার। ওইদিন রাতে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ স্লোগান দিয়ে একদল দুর্বৃত্ত বাড়িটিতে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলেই নিহত হয় আলি নামে ১৮ মাস বয়সী ওই শিশু।
মারাত্মক দগ্ধ হয় আলির বাবা-মা ও আরেক ভাই। আলির বড় ভাই বর্তমানে ইসরাইলের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই হামলার জন্য অবৈধ ইহুদি বসতী স্থাপনকারীদের দায়ী করেছে। তবে ইসরাইল এ ব্যাপারে মুখ না খুললেও ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে পারেনি দেশটির পুলিশ। সন্দেহভাজন কয়েককজনকে আটক করা হলেও আগুন লাগার ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।