সিসি নিউজ : নবায়ন না করায় ইন্টারনেট সেবাদাতা ৩৩টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার দুপুরে বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোউত্তীর্ণ হওয়ার আগেই এ সব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নের বাধ্যবাধকতা রয়েছে। শর্তানুযায়ী এ সব প্রতিষ্ঠানের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়া স্বত্বেও তা নবায়নের আবেদন না করা এবং বকেয়া পরিশোধ না করায় ওই ৩৩টি প্রতিষ্ঠানের আইএসপি লাইসেন্স অবৈধ ও অকার্যকর বলে ঘোষণা করেছে বিটিআরসি। বিটিআরসির হিসেব অনুযায়ী দেশে বর্তমানে ৪৯০টি আইএসপি প্রতিষ্ঠান রয়েছে।
লাইসেন্স বাতিল হওয়া ৩৩টি প্রতিষ্ঠান হলো- ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেড, এজিআই কমিউনিকেশন লিমিটেড, তালিবা আইসিটি লিমিটেড, প্রশিকা কম্পিউটার সিস্টেম,ৎ টেলিবার্তা, জিওটেল, এবস্কো লিমিটেড, দৃক আলোকচিত্র গ্রন্থাগার, সোনারগাঁও অনলাইন সার্ভিস, ইউনাইটেড কমিউনিকেশন্স অ্যান্ড সার্ভিসেস, গ্লোবাল নেটওয়ার্ক, বিজে ট্রেডিং, এশিয়া নেট, বিইউসিটি কমিউনিকেশন, আই-নেট, ইনটেক অনলাইন, নেটওয়ার্ক সলিস্যুন, আর্থলিংক আইটি, কর্ণফুলী অনলাইন, মিমটেল, ঐশী নেটওয়ার্ক, মিডিয়া অ্যান্ড মাল্টিমিডিয়া, স্বাধীন মিডিয়া, পদ্মা কমিউনিকেশন, এমএলবি নেট, নাহিয়ান টেকনোলজি, শ্রীমঙ্গল অনলাইন, মাইনেট, সি বিচ অনলাইন, যশোর সিটি কেবল, কে হোসেন কেবল, এ ওয়ান অনলাইন এবং মনি এন্টারপ্রাইজ।
অবৈধ ও অকার্যকর ঘোষণা করা ওই ৩৩টি প্রতিষ্ঠানের বকেয়া এক মাসের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দিয়েছে বিটিআরসি।