দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরে মুখলেসুর রহমান ভোলা (২৭) নামে এক অগ্নিদগ্ধ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক শহরের রামনগর এলাকার মো. দুলু মিয়ার ছেলে ও পান দোকানদার।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের রামনগর মাঠের পূর্ব পাশের একটি ফাঁকা জায়গা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারনা রাতে কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজনরা জানায়, নিত্যদিনের মত রাত ১০টায় নিহত ভোলা তার ব্যবসা প্রতিষ্ঠান পান দোকান বন্ধ বাড়ীতে রাতের খাবার খেতে আসে। খাবার খেয়ে আবারো দোকানে ফিরে যায়। কিন্তু মধ্য রাত পর্যন্ত বাড়ীতে ফিরে না আসায় তাকে অনেক খুঁজাখুজি করেও পাওয়া যায়নি।
সকালে প্রতিবেশীরা ঘটনাস্থলে লাশ পরে থাকতে দেখতে পেয়ে তার বাড়ীতে খবর দেয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন কোতয়ালী থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) পারভেজ সুমন রেজা জানান, রাতে কোন এক সময় নিহত ব্যক্তিকে হত্যা করার পর তার শরীরে দাহ্য পর্দাথ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
কোতয়ালী খানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে।