বিপিএম জয়, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জে প্রাণআপ পানে কাদের নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যায়।
নিহতের পারিবারিক সুত্র জানায়, উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী কান্দুরার মোড় গ্রামে ঈদের রাতে তিন বন্ধু মিলে পানীয় প্রাণ আপ পান করে। এরা হলো ওই গ্রামের আব্দুর সামাদের ছেলে শাহীন আলম (১৮), জ্যাঠাতো ভাই এসএসসি পরীক্ষার্থী মুন্সি জবির উদ্দিনের ছেলে আব্দুল কাদের ও জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের চৌপথির মোড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোশরেকুল (২০) মিলে ভগ্নিপতি শাহিনের বাড়ী খুটামারা গ্রামে কোরবানির গোস্ত নিয়ে দাওয়াত খেতে যায়। রাতের খাবারের পর ভগ্নিপতি শাহীন জলঢাকা শহরের তেল পাম্পের মোড় মিলন-ইমরান ষ্টোর নামের একটি মুদি দোকান থেকে ১লিটার ওজনের ঠান্ডা পানীয় প্রাণ আপ নিয়ে এসে খাওয়ায়। প্রাণ আপ খাওয়ার পর মধ্যরাতে বিষক্রিয়ায় আক্রান্ত হলে তাদের পরের দিন শনিবার শাহীন আলম ও আব্দুল কাদেরকে কিশোরগঞ্জ স্বাস্থ্য্য কমপ্লেক্সে এবং খুটামারা গ্রামের মোরশেকুলকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় পরীক্ষার্থী আব্দুল কাদেরের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার মুত্যুর খবরটি নিশ্চিত করেছেন পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন।
কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রিয়াশাদ মাহবুব বলেন, পানীয় জাতীয় পদার্থের বিষক্রিয়ায় তারা আক্রান্ত হয়েছিল সম্ভবত সেই দ্রব্যটি বিষাক্ত ছিল।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন আমি ঘটনাটি শুনেছি এব্যাপারে কেউ অভিযোগ করেনি।