• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |

সাংসদের গুলিতে স্কুল ছাত্র আহত

আহতগাইবান্ধা  : গাইবান্ধার সুন্দরগঞ্জের ব্র্যাক মোড়ে সরকার দলীয় স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোঁড়া গুলিতে চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ (১০) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে এই ঘটনা ঘটে। আহত সৌরভকে রংপুর মেডিক্যাল কলেজে (রমেক) নেওয়া হয়েছে।

সৌরভের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে। তার বাবার নাম সাজু মিয়া। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, মঞ্জুরুল ইসলাম লিটন ভোরে গাড়িতে করে বামনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জ আসছিলেন। এ সময় তিনি বামনডাঙ্গা-সুন্দরগঞ্জের ব্র্যাক মোড়ের পশ্চিম পাশের গোপালচরণ এলাকায় পৌঁছলে এক ব্যক্তিকে তার গাড়িতে উঠতে বলেন। কিন্তু ওই ব্যক্তি ভয়ে গাড়িতে না উঠে দৌড় দেন। ক্ষিপ্ত হয়ে লিটন তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন। এ সময় রাস্তায় থাকা সৌরভের দুই পায়ে গুলি লাগে। প্রথমে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সৌরভের চাচা সাজা মিয়া জানান, প্রতিদিন তিনি সৌরভকে নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করেন। শুক্রবার ভোরেও তিনি সৌরভকে নিয়ে রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ তার পায়ে গুলি লাগে। এমপি লিটনের ছোড়া গুলিতে সৌরভ আহত হয়েছে বলে অভিযোগ করেন সাজা মিয়া।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জিন্নাত আলী জানান, কে শিশুটিকে গুলি করেছেন তা তিনি নিশ্চিত নন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আছেন। কিন্তু প্রত্যক্ষদর্শীরা ভয়ে মুখ খুলছেন না যে কে, কীভাবে শিশুর পায়ে গুলি করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, মঞ্জুরুল ইসলাম লিটন গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ