সিসি নিউজ: খুলনা-৪ আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিনের বাসা থেকে পুত্রবধূ রাব্বী সুলতানা লিপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার রাত সাড়ে ৮টার নগরের সাউথ সেন্ট্রাল রোডের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। খবর নিতে গিয়ে দেখা যায় গৃহবধূ রাব্বি সুলতানা লিপির গুলিবিদ্ধ লাশ ঘরের মধ্যে পড়ে আছে। শর্টগান থেকে তার মাথায় গুলি লেগেছে। তবে কে বা কারা গুলি করেছে- তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাব্বি সুলতানা লিপি প্রাক্তন সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিনের বড় ছেলে কামাল উদ্দিন হেলালের স্ত্রী। তার স্বামী কামাল উদ্দিন হেলাল হজ করতে গিয়ে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন। নিহত লিপি ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী। পুলিশ বিষয়টি তদন্ত করছে।