চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ২০০ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সুত্রমতে, গত ২০১৪-১৫ অর্থ বছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে ২০০ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের উপকরণ ক্রয় বাবদ ৫ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়। যা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তার স্কুলের ম্যানেজিং কমিটির সমন্বয়ে ক্রয় কমিটি তৈরী করে উপকরনাদি ক্রয় করবেন। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান প্রধান শিক্ষকদের জিম্মি করে দালাল সিন্ডিকেট চক্রের সাথে আঁতাত করে একটি পকেট কমিটির নামে ক্রয় কমিটি তৈরী করেন। ওই কমিটি যতসামান্য টাকায় নিম্নমানের উপকরনাদি ক্রয় করে বেশ কয়েকটি কেন্দ্রের মাধ্যমে বিতরণ করেন এবং ক্রয়কৃত উপকরনাদির ভাউচার সরবরাহ করে ভাউচারে স্বাক্ষরের জন্য তাগিদ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক অধিকাংশ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, শিক্ষা অফিসার জাকিরুল হাসান অত্রাফিসে যোগদান করার পর হতে কিছু দালাল চক্রের সাথে হাত মিলিয়ে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের উচ্চতর স্কেলে উন্নীত করার নামে হাজার হাজার টাকা জোরপূর্বক আদায়, স্কুলের সংস্কার মেরামত বাবদ বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। এ ব্যাপারে শিক্ষা অফিসার জাকিরুল হাসানের সাথে মুঠোফোনে (০১৭১৩৯৩৭৬০০) কথা হলে তিনি দম্ভক্তির স্বরে বলেন, অফিস টাইম ছাড়া তিনি কথা বলতে রাজি নন।