মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরে বসবাসরত ৫১৫ বিদেশী নাগকিদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্প্রতি ২ বিদেশী নাগরিক এর হত্যা ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক সারা দেশের ন্যায় দিনাজপুর জেলায় অবস্থানরত বিদেশী নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর মেডিকেল কলেজ, মধ্যপাড়া কঠিন শিলাখনিসহ, জেলার বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থায় কর্মরত ৫১৫ বিদেশী নাগরিক রয়েছে। এই নাগরিকদেরকে নিকটস্থ থানায় ছবিসহ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি ঢাকায় ইতালী ও রংপুরে জাপানী নাগরিক খুনের ঘটনায় সর্তকতামুলক দিনাজপুর জেলায় বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়ে বসবাসরত বিদেশী নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
জেলার সরকারী দপ্তর, খনি এলাকা ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত ৫১৫ জন বিদেশী নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরনের লক্ষে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে।
বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুজ্জামান জানান, পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রশাসনের সহযোগিতা চেয়ে পত্র দেয়া হয়েছে। খনি এলাকায় কর্মরত বিদেশী নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ও সজাগ দৃষ্টি রাখা হয়েছে। তবে কয়লা খনি এলাকায় কত জন বিদেশী নাগরিক কর্মরত আছেন এমন প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর মো. রুহুল আমীন জানান, তার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২০ জন বিদেশী ছাত্র-ছাত্রীর নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। ভিসি মো. রহুল আমিন জানান, নাইজেরিয়া, ত্রিবুদী, সোমালিয়া, নেপাল ও আফ্রিকার ১২০জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহন করছে। বিদেশী শিক্ষার্থীর নিরাপত্তার জন্যে ইতিমধ্যেই বিদেশী শিক্ষার্থীদের ডেকে কথা হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বিক বিষয়ে আলেচনা করা হয়েছে এবং ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তার পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, সদর উপজেলায় অবস্থানরত ১৫৫ বিদেশী নাগরিকের নিরাপত্তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নেপাল, ভুটান, সোমালিয়া ও জিবুতির ১২০ জন, দিনাজপুর মেডিকেল কলেজে নেপাল, ভুটান, ও পাকিস্থানের ১৬ জন এবং দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমে ভারতের ১ জন, কসবা বিশপ হাউজে ইতালী ও ব্রাজিলের ২ জন, দিনাজপুর মিশন হাসপাতালে ইতালী ও ভারতের ৪ জন, সেন্ট যোসেফ স্কুলে ভারতের ১জন, বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীশ্রীতে জাপান ও আমেরিকার ৩জন, সুইহারী মিশনে ইতালীর ৭জন, বিআরডিবিতে জাপানের ১জন এবং অন্যান্য প্রতিষ্ঠানে আরো ১০ বিদেশী কর্মরত রয়েছে বলে তিনি জানান।
বিদেশী নাগরিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের কথা জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু রায়হান মিয়া ।
দিনাজপুর পুলিশ সুপার মো. রহুল আমিন সাংবাদিকদের জানান, বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া কঠিন শিলা খনি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর মেডিকেল কলেজসহ ১৩ উপজেলার বিভিন্ন স্থানে অবস্থানরত বিদেশী নাগরিকদেরকে ছবিসহ নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও বিদেশীদের নিরাপত্তার ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সর্তক অবস্থায় রয়েছে। বিদেশী নাগরিক ও শিক্ষার্থীদের রাতের বেলায় চলাফেরা এবং বের না হওয়ার জন্যে পরামর্শ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, দিনাজপুরের সদর উপজেলায় ১৫৬ জন, পার্বতীপুর উপজেলায় ৩৪৭ জন, বোচাগঞ্জ উপজেলায় ২ জন, খানসামা উপজেলায় ১ জন, ফুলাবাড়ী ইপজেলায় ৩ জন, কাহারোল উপজেলায় ২ জন এবং ঘোড়াঘাট উপজেলায় ৪ জন বিদেশী নাগরিক বসবাস করছে।