দিনাজপুর প্রতিনিধি : সম্প্রতি দিনাজপুরে রেলপথের পাশে পড়ে থাকা অজ্ঞাত লাশের ভীড় বৃদ্ধি পেয়েছে। পুলিশ নাম পরিচয় বিহীন এসব অজ্ঞাত লাশ নিয়ে বিপাকে পড়েছে জিআরপি থানা কর্তৃপক্ষ। গত কয়েক দিনে বৃহত্তর দিনাজপুর রেলপথের পৃথক স্থান থেকে কয়েকটি লাশ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।
দিনাজপুর জিআরপি থানা সূত্রে জানা গেছে, গত বুধবার পঞ্চগড় জেলার আটোয়ারী থানার কিসমতপুর রেল ব্রীজের কাছে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পাওয়া যায়। এই লাশ নিয়ে বিপাকে পড়ে পুলিশ। অজ্ঞাতনামা লাশের মৃত্যুর সঠিক কারন উৎঘাটন করতে পারছে না পুলিশ। ট্রেন থেকে পড়ে নাকি কেউ ধাক্কা মেরে তাদেরকে হত্যা করেছে এ নিয়ে পুলিশ সন্ধিহান।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ একেএম খালেকুজ্জামান পিপিএম জানান, গত ১২ সেপ্টেম্বর ফুলবাড়ীতে রেললাইনের পাশে ১৮ বছরের একজন যুবককে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সব শেষে পুনরায় দিমেক হাসপাতালে চিকিৎসা দেয়ার পর মৃত্যুবরন করে। এই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। ইতিপূর্বেও দু’টি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়।
পুলিশের একটি সূত্র দাবি করেছে সঠিক তদন্ত হলে অজ্ঞাতনামা এসব লাশের পরিচয় পাওয়া যাবে।