মাহবুবুল হক খান, দিনাজপুর : জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট তহবিল হতে প্রাপ্ত অর্থ থেকে পার্বতীপুর উপজেলাধীন খরখড়িয়া নদীর উপর রেগুলেটর নির্মাণ ও নদী পুনঃখনন এবং কাহারোল উপজেলাধীন ঢেপা নদীর তীর সংরক্ষণ কার্যক্রম বিষয়ে টিআইবি‘র পক্ষ থেকে বেইজলাইন জরিপ কাজের প্রতিবেদন প্রকাশ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় এফপিএবি মিলনায়তনে জলবায়ূ পরিবর্তন ট্রাষ্ট্র তহবিল বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে এ জড়িপ পতিবেদন প্রকাশ করা হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) দিনাজপুর, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জলবায়ু অর্থায়ন ও সুশাসন প্রকল্পের অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত করে আসছে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মোঃ সফিকুল হক ছুটু। জরিপ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড কর্র্তৃক বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তথ্য কর্তৃপক্ষের নিকট তুলে ধরা হয়। নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড মোঃ আক্তার হোসেন খানসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ উক্ত প্রতিবেদনের কয়েকটি বিষয়ে দ্বিমত পোষণ করেন এবং কয়েকটি বিষয়ে ঐক্যমতে এসে সেগুলি আলোচনার মাধ্যমে সমাধানের মতামত ব্যক্ত করেন।
জলবায়ু অর্থায়নে সুশাসন এবং টেকশই উন্নয়নের বিষয়ে জনগনের বিশেষ করে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর অংশগ্রহণ ও মতামত প্রদানের সুযোগ সৃষ্টি করার বিষয়ে টিআইবি‘র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মু. জাকির হোসনে খান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্প পরিকল্পনা প্রণয়ন, তহবিল বণ্টন ও বাস্তবায়নে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা একান্ত জরুরী বলে টিআইবি‘র পক্ষ থেকে জানান হয়।
বেইজলাইন প্রতিবেদনটি উপস্থাপনা করেন টিআইবি‘র প্রোগ্রাম ম্যানেজার মহুয়া রউফ। প্রতিবেদনটিতে টিআইবি‘র পক্ষ থেকে নীতি নির্ধারনী পর্যায়ে এবং কর্তৃপক্ষের নিকট কিছু সুপারিশ উপস্থাপন করা হয়। এতে স্থানীয় পর্যায়ে দীর্ঘ মেয়াদী জলবায়ু অভিযোজন পরিকল্পনা দ্রুত প্রণয়ন করতে হবে, সকল অংশীজনের সাথে সমন্বয় করে প্রকল্প প্রণয়ন ও চুড়ান্ত করতে হবে, প্রকল্প প্রণয়নে স্থানীয় উপকারভোগীকে অর্ন্তভুক্ত করতে হবে, বিসিসিটিএফ’র পরিচালনায় স্থায়ীভাবে দক্ষ এবং জলবায়ূ পরিবর্তন বিষয়ে বিশেষজ্ঞ কর্মকর্তা নিয়োগ করতে হবে, প্রকল্প সংক্রান্ত সকল তথ্য জনসমক্ষ প্রকাশ করতে হবে এবং দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে তার সুষ্ঠু তদন্ত করতে হবে।
জরিপ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকৌশলী, টিআইবি মোঃ তৌফিকুল ইসলাম, সনাক সদস্য, প্রোগ্রাম ম্যানেজার, এরিয়া অফিসের কর্মকর্তাবৃন্দ ও কার্যক্রমের সাথে সংশ্লিষ্ঠ ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।