দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ট্রাক গরুবাহী ভটভটিতে থাকা ২ ব্যবসায়ীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। ঘটনাস্থলে তিনটি গরুও মারা গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের সদর উপজেলার গোপালগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গরু ব্যবসায়ী মো. বাবু (৩০) ও তার সহযোগী মো. আব্দুস সাত্তার (৬৫)। নিহত মো. বাবু সদর উপজেলার মহারাজগঞ্জ গ্রামের মো. ফজলুল হকের ছেলে ও আব্দুস সাত্তার শিবরামপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অন্য আহতরা হলেন- ইলিয়াস আলী (৫৫), নাজির হোসেন (৫০), নুরুল হক (৩৮), মো. আনোয়ার (৪২), কামাল হোসেন (৩৩), আব্দুর রহমান (৪৫), অতুল বাবু (৪৫) ও মো. লিটু (৪০)।
দিনাজপুর কোতয়ালী থানার এসআই মো. সোহেল রানা জানান, বৃহস্পতিবার ভটভটিতে করে চারটি গরু নিয়ে সদর উপজেলার রাণীগঞ্জ থেকে শহরের রেলবাজারে যাচ্ছিলেন গরু ব্যবসায়ীরা। পথে দিনাজপুর-দশমাইল মহাসড়কের গোপালগঞ্জ বাজারে পৌঁছলে দিনাজপুর থেকে দশমাইলগামী একটি খালি ট্রাক ভটভটিকে চাপা ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১০ জন আহত ও তিনটি গরু মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় গরু ব্যবসায়ী বাবু, আব্দুস সাত্তার ও এক ভটভটিরযাত্রী মারা যান।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খালিকুজ্জামান ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।