রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে সিংগারডাবড়ীহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আইয়ুব আলীর বাড়ির সিঁদ কেটে হিরো গ্লামার-১২৫ সিসি একটি মোটর সাইকেল, একই এলাকার আব্দুল জলিল ভেন্ডারের একটি বাইসাইকেল এবং বেড়া পাড়া এলাকার বানেশ্বর ওরফে বানভাসার ঘরের সিঁদ কেটে ট্রাংক ভেঙ্গে ১০ হাজার টাকাসহ ৩টি বাড়িতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চোরেরা চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির খিতাবখাঁ এলাকায় শুক্রবার দিবাগত রাতে । এ ঘটনায় শনিবার সকালে অধ্যক্ষ মো. আইয়ুব আলী রাজারহাট থানায় একটি জিডি দায়ের করেন। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, চুরির ঘটনায় থানায় সাধারণ জিডি দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং চুরিকৃত মালামাল উদ্ধারে বিভিন্ন স্থানে ম্যাসেজ দেয়া হয়েছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
উল্লেখ্য, তিন সপ্তাহের ব্যবধানে রাজারহাট উপজেলা সদর বাজারের রেল স্টেশন সংলগ্ন এলাকার গুঞ্জন বেকারীর চালের টিন কেটে ৩৫ হাজার টাকা, জারা টেলিকম দোকানের একই কায়দায় টিন কেটে প্রায় ৫০ হাজার টাকার মোবাইল সেট ও মেসার্স রাসেল ভান্ডার থেকে প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। বর্তমানে চুরি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে।