সিসি নিউজ: সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কের খালেক পেট্রোল পাম্পের সামনে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের ভিতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ৫টি ট্রাককে ধাক্কা দিলে ৩ জন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আজ রোববার দুপুরে ওই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী থেকে আসা একটি লোকাল বাস চট্ট-মেট্রো-জ-০৫০০৪১ খালেক পেট্রোল পাম্পের নিকট এলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রলিকে আঘাত করে। তারপর পরেই সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ৫টি ট্রাককে পরপর ধাক্কা দেয়। এ সময় ট্রলি চালক শহরের কয়ানিজপাড়ার মোমিনুল (৩০), হেলপার নুরুজ্জামান (২২) ও অজ্ঞাত নামা একজন আহত হয়। এদেরকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হেলপার নুরুজ্জামানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ বাসটিকে আটক করেছে।