ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস মেহেরবাড়ী নামক স্থানে পৌঁছালে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। বাস ও ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে পাঁচজনের মৃত্যু হয়।
আহত ব্যক্তিদের ভালুকা জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।