সিসি নিউজ : পৌরবাসীকে পরিপূর্ণ নাগরিক সুবিধা দিতে সৈয়দপুর পৌরসভার মেয়র হতে চায় আওয়ামী পরিবারের সন্তান সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভুলু। সিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, এ শহরের মানুষ আয়রণমুক্ত পানির সমস্যায় ভুগছে। মেয়র নির্বাচিত হলে প্রথম কাজই হবে পৌরবাসীর ঘরে ঘরে আয়রণমুক্ত পানি পৌছে দেয়ার কর্মসূচী গ্রহণ। এছাড়া অবাঙ্গালী ক্যাম্পবাসীর সন্তানদের সুশিক্ষা ও অস্বচ্ছল পরিবারের সন্তানদের কর্মসংস্থান, পৌরসভা এলাকার দরিদ্র ও এতিম মেয়েদের বিয়ে এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা করা। শহরের নির্দিষ্ট স্থানে শিশু বিনোদন কেন্দ্র গড়ে তোলা।
হিটলার ১৯৯৭ সালে বাংলাদেশ ছাত্রলীগের রাজনৈতির সাথে জড়িত হয়ে ওই বছরের কলেজ শাখার যুগ্ম সাধারন সম্পাদক, ১৯৯৮ সালে থানা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি এবং ২০০৭ সালে ২নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামীলীগের সহ সভাপতি ও পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৬ সালে নতুন মুখ হিসেবে প্রথমবার নির্বাচনে সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র নির্বাচিত হন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু প্রজন্মলীগ জেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন।
বিএনপি শাসনামলে রাজনৈতিক মামলার আসামী ছিলেন ভুলু। এর আগে পৌরসভার মেয়র ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। বাবা আফছার আলী চৌধুরী পৌরসভার কাউন্সিলর ছিলেন দীর্ঘ ২০ বছর। বড় ভাই সোহেল চৌধুরী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাব, ধমীয় শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজের পরিচালনা কমিটিতে রয়েছেন হিটলার চৌধুরী ভুলু। নির্মাণ করেছেন দুঃস্থ ও দরিদ্র পরিবারের সন্তানদের জন্য খানকাহ ও হেফজ মাদ্রাসা।
দল থেকে মনোনয়ন না পেলে নির্বাচন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি সিসি নিউজকে বলেন, মনোনয়ন প্রাপ্তির বিষয়ে তিনি শতভাগ আশাবাদী। দল অবশ্যই তাকে মনোনয়ন দেবে। তবে মনোনয়ন না পেলে নির্বাচন করার বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।