দিনাজপুর প্রতিনিধি : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপির ইকনোমিক্স এবং এডুকেশন প্রজেক্ট আয়োজিত সুপার ভাইজার ও ভলানটিয়ারদের নিয়ে দুই দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) শহরের বালুবাড়ীস্থ পল্লী শ্রী মিলনায়তনে ২ দিনব্যাপী ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের নিয়ে বির্ভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. রেজাউল করিম, শিক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার নিকোলাস দিঘি ও শিশু শ্রম প্রতিরোধ প্রকল্পের অফিসার শিউলী বেগম।
সমাপনী অনুষ্ঠানে সুপারভাইজার ও ভলানটিয়ারদের উদ্দেশ্যে কর্মকর্তারা সবাইকে একে অপরের আন্তরিকতার সাথে ও সদালাপী আচরণ করার আহবান জানিয়ে বলেন, ভাল আচরণ ও দৃষ্টিভঙ্গী যতদিন ধরে রাখবেন ততদিন আপনারা কর্মক্ষেত্রে কোথাও বিচলিত হবেন না। কারণ, আপনার সুন্দর ব্যবহার ও সৌহার্দ্যপূর্ণ আচরণ সব কিছুর চাবিকাঠি। এই চাবিকাঠি সেই চাবিকাঠি নয় যা কিছু অর্থের বিনিময়ে পাওয়া যায়। সবাইকে নীতি নৈতিকতার সাথে এ সব কার্যক্রম বাস্তবায়ন করতে হবে এবং সবার সন্তুষ্টি অর্জন করে দৃষ্টিভঙ্গী পাল্টানোর চেষ্টা করতে হবে।