সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে হাসনাইন (৬০) নামে এক কারবালার খাদেমকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দৃস্কৃতিকারীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় ওই ঘটনা ঘটে।
সূত্র মতে, সৈয়দপুর হাতিখানা কবরস্থান সংলগ্ন কারবালার খাদেম হাসনাইন এশার নামাজ আদায় করছিল। এসময় পিছন থেকে দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথার নীচে কোপ দিয়ে সটকে পড়ে। এতে নামাজের জায়নামাজে লুটিয়ে পড়ে খাদেম। স্থানীয়রা গুরুতর আহত খাদেমকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। এখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার সত্যতা স্বীকার করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
অপরদিকে, সৈয়দপুর উপজেলার লক্ষ্মনপুর স্কুল এন্ড কলেজের নৈশ প্রহরী জহুরুল ইসলামকে (৫৫) গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুস্কৃতিকারীরা। আহত নৈশ প্রহরী সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে। গতকাল বুধবার রাতের এ ঘটনায় গুলিবিদ্ধ ওই নৈশ প্রহরীকে প্রথমে সৈয়দপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নৈশপ্রহরী জহুরুল ইসলামের বরাদ দিয়ে এলাকাবাসী জানায়, গতকাল বুধবার গভীর রাতে একটি মাইক্রোবাসে একদল দুস্কৃতিকারী লক্ষ্মনপুর স্কুল এন্ড কলেজের অদুরে এসে অবস্থায় নেয়। দুস্কৃতিকারীরা গাড়ী থেকে নেমে সন্দেজনকভাবে এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় নৈশ প্রহরী টর্চলাইটের আলো দিয়ে তাদের দেখতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে গুলি চালায়। এতে তার বাম হাত গুলিবিদ্ধ হলে দুস্কৃতিকারীরা মাইক্রোবাসটি সহ পালিয়ে যায়। বাঙালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাদা জানান, খবর পেয়ে তাৎক্ষনিভাবে পুলিশকে খবর দেয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। এরপর আহত নৈশ প্রহরী জহুরুল ইসলামকে সৈয়দপুর হাসপাতালে নেয়া হয়। এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।